এসিএম নিউজ, ঢাকা
হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় র্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের আবেদন থেকে দেখা যায় এ দম্পতির সঞ্চয় পত্র ও ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com