শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন

এসিএম নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সারা দেশের ভোটকেন্দ্র গুলোতে সকাল থেকেই ভোটারেরা ভোট দিতে লাইনে দাঁড়ান। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

রাজধানীর কাজীপাড়ায় হাজী ইউসুফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১১ টার সময় শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোট কেন্দ্রে দেখা গেছে। এই কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা ডেন্টাল।কলেজের শিক্ষার্থী ইশরাক জান্নাত মাধুর্য। তিনি এই প্রথমবার ভোট দিলেন। তিনি বলেন, ‘নির্বিঘ্নে ভোট দিয়ে এসেছি’।
এই কেন্দ্রের পাশেই মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরেও ভোটারদের লাইন দেখা গেছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।
আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
সারা দেশের কোথাও বড় ধরনের কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ