
দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে আবার স্ত্রীর কাছ থেকে দান হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সহকারী পরিচালক মো. আকরাম হোসেন। স্ত্রী সুরাইয়া পারভীন স্বামীর কাছ থেকে নেওয়া ৫৯ লাখ টাকা তাঁর আয়কর নথিতে উল্লেখ করে পরে স্বামীকে দান হিসেবে দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ওই দম্পতির পরস্পর যোগসাজশে দুর্নীতির তথ্য-প্রমাণ বেরিয়ে এসেছে। তাদের অনিয়ম, দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ-সম্পদের সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে। শিগগির তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে।
দুদকের তদন্তে আকরাম হোসেন ও তাঁর স্ত্রী সুরাইয়া পারভীনের পাঁচ কোটি ২৯ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। আকরাম হোসেনের চাকরির বেতন-ভাতা ও তাঁর স্ত্রীর নামমাত্র ব্যবসার হিসাব কষে দেখা গেছে, তাদের নামে থাকা ওই পরিমাণ অর্থ-সম্পদ অস্বাভাবিক।
সুরাইয়া পারভীন নিজেকে মেসার্স স্টার ইলেক্ট্রো ওয়ার্ল্ডের মালিক হিসেবে দুদকে নিজের পরিচয় দিয়েছেন। দুদক তদন্ত করে তাঁর নামে ৭৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ পেয়েছে, যা তাঁর আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে তিনি উপহার বা দান হিসেবে স্বামীকে দিয়েছেন ৫৯ লাখ টাকা।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে আকরাম হোসেন ও সুরাইয়া পারভীনের বিরুদ্ধে দুদকে মামলা করেছিলেন ২০২৪ সালের ২১ মে। মামলাটি তদন্ত করছেন উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।
@samakal

