এসিএম নিউজ, ঢাকা
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তাঁর স্বামী মো. মোশাররফ হোসেন সরদারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. রাশেদুল ইসলাম পৃথক দুটি আবেদন করেন। এর একটিতে সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের দুটি এবং অপরটিতে তাঁর স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চাওয়া হয়।
রুবিনা আক্তারের বিষয়ে দুদকের আবেদনে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।
অপর এক আবেদনে বলা হয়, মো. মোশাররফ হোসেন সরদার ও সৈয়দা রুবিনা আক্তার একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। মোশাররফের নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে দুটি আবেদনেই বলা হয় তাদের ব্যাংক হিসাব গুলো অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় তারা যেকোনো সময় উক্ত হিসাব থেকে অর্থ উত্তোলন করে স্থানান্তর করতে পারেন। এতে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com