নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার মাধ্যমে ২১ লাখ ১৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে নিতাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিতাই ইউনিয়নের কাছারিপাড়া গ্রামের সাহাবুল হক (২১), পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের হৃদয় ওরফে বকরি ডিপজল ওরফে শিপন (২০) এবং তকিয়াপাড়া গ্রামের সুজন (১৯)।
কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সংঘবদ্ধ ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, গ্রেপ্তারকৃতরা অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েয়া উত্তর বড়ইয়া বাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়ার কাছ থেকে ভুয়া ভিসা দেখিয়ে ২১ লাখ ১৬ হাজার টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com