প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

ছয় কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে ছয় কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা খরচ করেছে।
বিভাজিত আটটি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।
এসব কাজে (W-1) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান NDEL (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য আটটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতিরেকে বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।মো. সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯(১) অনুযায়ী ০৩ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
@news247
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com
© Copyright 2025 - acmbangladesh.com