এসিএম নিউজ, ঢাকা
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলমের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তার স্ত্রী লুবনা আফরোজ এবং দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের একটি প্লট ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মোনাবিল হক সাবেক এই সেনা কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তার স্ত্রী-কন্যাদের প্লট ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, লে. জে. (অব.) সাইফুল আলম দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। উক্ত হিসাব বিবরণী যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে অনুসন্ধানে দেখা যায় তার ট্রাস্ট ব্যাংকের একটি হিসেবে ৭৭ লাখ ৫৬৯ টাকা স্থিতি রয়েছে। অন্যদিকে সাইফুল আলমের স্ত্রী কন্যাদের নামে ট্রাস্ট গ্রীন সিটি প্রকল্পে দুই কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ কাঠার একটি প্লট রয়েছে। এই প্লটের টাকা পরিশোধ করেছেন সাইফুল আলম। কিন্তু এখনো প্লটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি।
দুদকের আবেদনে আরো বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে সাইফুল আলম ও তার স্ত্রী কন্যারা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টদের এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। এই ক্যারিডে সাইফুল আলমের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তার স্ত্রী কন্যাদের প্লট ক্রোক করার নির্দেশ প্রয়োজন!
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com