এসিএম নিউজ, ঢাকা
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও ঢাকা জজ আদালতের বিভিন্ন বিচারকদের সঙ্গে যোগসাজস করে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করার ব্যবস্থা করেছেন। এসব করে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগটির অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com