মেহেরপুরের গাংনী উপজেলায় জামায়াতে ইসলামীর দুই নেতার বিরুদ্ধে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন সাহারবাটি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাহাবুল আলম এবং একই ইউনিয়নের সাবেক সভাপতি বাবলু।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সাহাবুল আলম ও বাবলু অতীতে সাহারবাটি ইউনিয়নে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গাংনী উপজেলার হিজুল বাড়িয়া গ্রামের প্রায় ৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারা।
ভুক্তভোগী আসাদুল ইসলাম, ইমাদ আলী, আছিয়া খাতুন ও মনিরুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করে বলেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১০ বছর মেয়াদি চুক্তিতে প্রায় ৫০ জন গ্রাহকের কাছ থেকে ২০ লাখ টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে। কিন্তু ৫ থেকে ৭ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও আজ পর্যন্ত লাভসহ জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি।
ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন ধরে সাহাবুল আলম সুদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বীমার মেয়াদ শেষ হওয়ার পরও দলীয় প্রভাব দেখিয়ে সাহাবুল আলম ও বাবলু তাদের দিনের পর দিন হয়রানি করে আসছেন। তারা খারাপ আচরণ করছেন এবং পুলিশের ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের কাছেও অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ভুক্তভোগীদের দাবিকৃত টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে জামায়াত নেতা সাহাবুল আলম ও বাবলুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
@dhakatoday
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com