এসিএম নিউজ, ঢাকা
প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পেল দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডের আবেদনের ওপর শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য জানান।
সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আইনজীবীদের মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন রিমান্ড শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ২০ জানুয়ারি সিয়ামকে আটক করে দুদক।
গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক।
তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। এছাড়াও আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এজাহারে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে আনা হয় ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আওয়ামী শাসনামলে বিসিএসসহ সরকারি চাকুরির পরীক্ষার প্রশ্নফাঁসসহ সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে আবেদ আলীর বিরুদ্ধে। সামান্য গাড়িচালক থেকে কোটিপতি বনে যান তিনি, তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
এ নিয়ে দেশব্যাপী ওঠে সমালোচনার ঝড়। এর নেপথ্যে ছিলো প্রশাসন ও সরকারী কার্যালয়ে আওয়ামীলীগের দুঃশাসন ও অনিয়ম। পরে সমালোচনার মুখে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে আছেন। প্রশ্ন ফাঁসের মামলায় সিয়াম কেউ গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। অবশ্য গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের পর থেকে তাকে বহিষ্কার করা হয়।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com