এসিএম নিউজ, ঢাকা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, তার মেয়ে মোশরেফা মৌমিতা হক ও তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের জমি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
মহিবুল হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ৬টি দলিল মূলে সর্বমোট ১ দশমিক ৭২ একর ও তার মেয়ে মোশরেকা মৌমিতা হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় দশমিক ১২ একর জমি, মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নম্বর রোডস্থ ১৯০ নং প্লটের ওপর নির্মিত ২৭০০ বর্গফু আয়তন বিশিষ্ট ৫/এ নং ফ্ল্্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহিবুল হক ও তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২১ হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এসব হিসাবে চার কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৫৫৪ টাকা রয়েছে।
দুদকের উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে।
অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তাদের নামে থাকা স্থাবর সম্পত্তি এবং ব্যাংক/জাতীয় সঞ্চয় অধিদপ্তরে তাদের নামীয় হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com