দুর্নীতির মামলায় ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ ময়মনসিংহের ১৬ একর জমি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া এসব স্থাবর সম্পদের দাপ্তরিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, ফাহমী গোলন্দাজের ঢাকার গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট এবং ধানমন্ডির কারপার্কিং ও বেইজমেন্টসহ আরেকটি ফ্ল্যাট জব্দ করা হবে। এ ছাড়া তার নির্বাচনী এলাকা ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকায় থাকা ১৬ একর জমিও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এসব সম্পদ ক্রোকের আবেদন জানিয়েছিলেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ফাহমী গোলন্দাজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
তদন্তকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে, ফাহমী গোলন্দাজ বাবেল তার নামে থাকা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা সরিয়ে ফেলার চেষ্টা করছেন। সম্পদগুলো যেন কোনোভাবেই বেহাত হতে না পারে, সে জন্য স্থাবর সম্পদগুলো ক্রোক করা একান্ত প্রয়োজন বলে আদালতে উল্লেখ করে দুদক। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে এই ক্রোকের আদেশ প্রদান করেন।
@dhakapost
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com