
জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার নথি থেকে জানা যায়, অ্যাননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
জানা গেছে, ২০২২ সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের মর্টগেজ নেওয়া জমিতে প্রকৃতপক্ষে কোনো ভবন বা স্থাপনা না থাকলেও ঋণগ্রহীতা জমির মালিক হওয়ার আগেই সেখানে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করেন এবং স্থাপনাবিহীন জমিকে বেশি দাম দেখিয়ে ঋণ অনুমোদন নেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন সুপ্রভ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পরিচালক মো. আবু তালহা, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আব্দুছ সালাম আজাদ, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বার, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর-২ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, জনতা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, মিসেস সঙ্গীতা আহমেদ, সাবেক পরিচালক অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাথসহ আরও কয়েকজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com