প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
২৩ আসামির মধ্যে রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন। শেখ হাসিনাসহ বাকি ২২ আসামি পলাতক।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং দুই মেয়ে আজমিনা সিদ্দিক ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে করা আরও তিনটি দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বিচারাধীন রয়েছে।
১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে রাজধানীর পূর্বাচলে নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলা করে দুদক।
দুদকের অভিযোগ, বিদ্যমান বিধি অনুযায়ী অযোগ্য হওয়া সত্ত্বেও হাসিনা রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে নিজের জন্য, জয় ও পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের জন্য ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নেন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com
© Copyright 2025 - acmbangladesh.com