মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল। মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি মোস্তফা সারোয়ার মুরাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
সিআইডির আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের নিকট শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের অবকাশ রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারা অনুযায়ী যথাক্রমে প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ বিধায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
অনুসন্ধান কালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের ব্যাংক হিসাবে টাকা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন তারা। এ অবস্থায়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের জন্য নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ হতে সংগৃহীত অর্থ যেন স্থানান্তর করতে না পারে সে জন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে অবরুদ্ধ জন্য আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com