বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের আত্মীয় সানজিদা আক্তারের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাট দুটি রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে। এগুলোর মূল্য ৯৫ লাখ টাকা।
এ ছাড়া তাঁর নামে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায় যে শেখ আবদুল হান্নান বিভিন্ন সময় সম্পদ গোপন করার উদ্দেশ্যে তাঁর আত্মীয় সানজিদা আক্তারের নামে সম্পদ ক্রয় করেছেন। তদন্তে জানা যায়, শেখ আবদুল হান্নান তাঁর ঘনিষ্ঠ সানজিদা আক্তারের নামে ঢাকার খিলক্ষেত দুটি ফ্ল্যাট কিনেছেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তাঁর নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে। তল্লাশিকালে সানজিদার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূলোর বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে প্রতীয়মান হয়। মামলার বিচার শেষ হওয়ার আগে এসব সম্পদের হস্তান্তর বা স্থানান্তর রোধে এগুলো জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com